মৌলভীবাজার–৩ আসনে উঠান বৈঠক ও গণসংযোগ
রাস্তাঘাট, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
প্রকাশিত হয়েছে : ২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
মৌলভীবাজারের যে প্রান্তেই যাওয়া হোক না কেন, সর্বত্রই রাস্তাঘাটের বেহাল দশা চোখে পড়ে। একইভাবে স্বাস্থ্য ও শিক্ষা খাতও দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের মনোনীত মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের দেয়ালঘড়ি মার্কার প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল।
সোমবার (১ ফেব্রুয়ারি) রাত বাদ এশা মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর গ্রামে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মো. ফজলুর রহমান (নুরা)।
মাওলানা আহমদ বিলাল বলেন, “আপনারা যদি দেয়ালঘড়ি মার্কায় ভোট দেন, আমি মানুষের চলাচলের রাস্তাঘাট উন্নয়ন করবো। স্কুল, কলেজ ও মাদ্রাসাভিত্তিক শিক্ষার বিস্তার ঘটাবো। শুধু আশ্বাস দিতে চাই না, কথায় নয়—কাজ করে দেখাতে চাই। ইনশাআল্লাহ বাস্তবেই কাজ করে দেখাবো।”
তিনি বলেন, বিজয়ী করার মালিক একমাত্র আল্লাহ তায়ালা। তবে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা আপনাদের ঘরের মা-বোনদের বলবেন, তারা যেন ভোটকেন্দ্রে গিয়ে দেয়ালঘড়ি মার্কায় ভোট দেন এবং আমার জন্য দোয়া করেন।”
এর আগে একই ইউনিয়নের নলদাড়িয়া গ্রামে আরিফুল ইসলাম দুরুদের সভাপতিত্বে আরেকটি উঠান বৈঠকে অংশ নেন তিনি। সেখানেও তিনি রাস্তাঘাট, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
মাওলানা আহমদ বিলাল বলেন, “আমাদের অনেক পরে মালয়েশিয়া স্বাধীন হয়েছে, অথচ তারা আজ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা কেন পারিনি? কারণ যারা ক্ষমতায় ছিল, তারা দেশ পরিচালনার বদলে দেশ ধ্বংস করেছে, বিদেশে টাকা পাচার করেছে। সে কারণেই বাংলাদেশ পিছিয়ে আছে।”
তিনি আরও বলেন, “আপনারা দেয়ালঘড়ি মার্কায় ভোট দিন। যদি ১১ দলীয় জোট বিজয়ী হতে পারে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা হবে।”
নিজের প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, “আমি ১১ দলীয় জোটের কেন্দ্রীয়ভাবে মনোনীত প্রার্থী। বিদ্রোহী কোনো প্রার্থী দল বা জোটের নয়। আমাকে পরাজিত করতেই হয়তো কেউ বিদ্রোহী প্রার্থী হয়েছেন।” আগামী ১২ তারিখ ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে গিয়ে দেয়ালঘড়ি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকেই মাওলানা আহমদ বিলাল মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।
পূর্বদিক/ডেস্ক/টিকে





