শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ

শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদে অভিযান, জরিমানা ১ লাখ টাকা।
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে গ্যাস ও জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ্ আকন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB-9) ও ফায়ার সার্ভিসের একটি দল অংশ নেয়।
অভিযানকালে দুটি প্রতিষ্ঠানকে অবৈধভাবে এলপিজি গ্যাস মজুদ রাখার অপরাধে এবং একটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত অকটেন ও পেট্রোল সংরক্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এ অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার সাতগাঁও ও রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে শান্ত সরকার ও সত্যজিৎ সরকারকে দোষী সাব্যস্ত করা হয়। অবৈধভাবে তেল মজুদের দায়ে তাদের প্রত্যেককে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ্ আকন জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বদিক/এসএ





