শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান
প্রকাশিত হয়েছে : ৯ এপ্রিল ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে শ্রীমঙ্গল পৌরসভা।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে দেখা যায়, ফুটপাত দখল করে ভ্যানগাড়িতে পণ্য বিক্রি এবং অস্থায়ী দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ সময় পৌরসভার পক্ষ থেকে এসব অবৈধ স্থাপনা অপসারণ করে ফুটপাত দখলমুক্ত করা হয়।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ফুটপাত দখলমুক্ত রাখতে পৌরসভা বদ্ধপরিকর।
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ যাতে পুনরায় অবৈধভাবে ফুটপাত দখল করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।
পূর্বদিক/এসএ





