শ্রীমঙ্গলে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে ‘বর্ষবরণ’ অনুষ্ঠান ও বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীরা একত্র হয়ে মহড়া দিচ্ছেন। সুর, তাল ও ছন্দের মেলবন্ধনে তারা বর্ষবরণের আয়োজনকে প্রাণবন্ত করে তুলতে ব্যস্ত সময় পার করছেন। পুরো আয়োজন ঘিরে শিল্পী, আয়োজক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গলের শিশু উদ্যান মাঠে সাত দিনব্যাপী বৈশাখী উৎসব ও মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলবে এই উৎসব। এতে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী শোভাযাত্রা, লোকসংগীত পরিবেশনা এবং ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার নানা আয়োজন স্থান পাবে।
এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান, বৈশাখী শোভাযাত্রা এবং দিনব্যাপী নানা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
জাসাস শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক মো. মাহবুবুর রহমান লিংকন বলেন, “জাসাসের উদ্যোগে প্রথমবারের মতো শ্রীমঙ্গল শিশু উদ্যানে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলার বিভিন্ন সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীরা বর্ষবরণ সঙ্গীতানুষ্ঠানে অংশ নেবেন। এ আয়োজনকে সফল করতে গত তিন দিন ধরে জেলা পরিষদ অডিটোরিয়ামে মহড়া চলছে। আমি উপজেলার সর্বস্তরের মানুষকে অনুষ্ঠিতব্য বৈশাখী উৎসবে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।”
সঙ্গীত শিক্ষক শ্যামল আচার্য্য বলেন, “১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে এবং শ্রীমঙ্গল শিশু উদ্যানে আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবকে সফল করতে আমরা শ্রীমঙ্গলের সকল সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক কর্মীরা সহযোগিতা করছি। আগামী পহেলা বৈশাখ, ১৪ এপ্রিল সকাল ৭টায় যে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, তার প্রস্তুতি হিসেবে আজ রিহার্সাল চলছে। এই মহড়ায় শ্রীমঙ্গলের বিভিন্ন সংগঠনের শিক্ষার্থী ও শিল্পীরা অংশগ্রহণ করছেন।”
মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য ও বিএনপি নেতা মশিউর রহমান রিপন বলেন, “দীর্ঘদিন পর শ্রীমঙ্গল উপজেলা জাসাসের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ষবরণ ও বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছে। এবারের আয়োজন বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানে দেশের খ্যাতনামা শিল্পীদের পাশাপাশি স্থানীয় ২৭ থেকে ২৮টি সংগঠনের শিল্পী এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা অংশ নেবেন। বর্ষবরণকে কেন্দ্র করে ইতোমধ্যেই শ্রীমঙ্গলে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।”
আয়োজকরা জানান, বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দঘন পরিবেশকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উৎসব সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
পূর্বদিক/এসএ





