মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) দাবি করেছে, দেশটির দক্ষিণ উপকূলীয় সিস্তান-বালুচিস্তান অঞ্চলের চাবাহার বন্দর এলাকায় একটি মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
বিবিসি ফার্সির এক প্রতিবেদনে জানানো হয়, গতকাল ইরানের বিভিন্ন গণমাধ্যমে কয়েকটি ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে আকাশে উড়তে থাকা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৮ যুদ্ধবিমান দেখা যায়।
বিবিসির ফ্যাক্ট-চেকিং বিভাগ নিশ্চিত করেছে, ওই ভিডিওগুলোর অন্তত একটি চাবাহার বন্দর এলাকার টিস সেতুর কাছে ধারণ করা হয়েছে।
প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায়, উড়ন্ত এফ-১৮ যুদ্ধবিমানটিতে প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়, এবং এক পর্যায়ে এর লেজের দিকে বিস্ফোরণ হয়।
তবে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে কী-না তার কোনো ভিডিও বা প্রমাণ দেখা যায়নি। তবে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে দাবি করেছে, তাদের কোনো যুদ্ধবিমান ভূপাতিত হয়নি।
ঘটনাটি নিয়ে দুই পক্ষের বিপরীতমুখী বক্তব্যের কারণে পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
পূর্বদিক/এসএ





