সাবেক সেতু সচিবসহ ৭ জনকে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি মামলা থেকে অব্যাহতি
প্রকাশিত হয়েছে : 26 October 2014, 7:28 am
পূর্বদিক ডেস্ক ::
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে করা মামলা থেকে সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সাতজনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদন গ্রহণ করে আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালত তাদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন। এর আগে এই সাতজনের বিরুদ্ধে তদন্তে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দিতে আদালতে আবেদন করেছিল দুদক।
অব্যাহতি পাওয়া অপর ছয়জন হলেন সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (নদীশাসন) কাজী ফেরদাউস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (ব্রিজ কন্সট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্স ডিভিশন) রিয়াজ আহমেদ জাবের, বাংলাদেশে এসএনসি-লাভালিনের সাব-কনসালট্যান্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্ট লিমিটেডের ডিএমডি মোহাম্মদ মোস্তফা, কানাডিয়ান কোম্পানি এসএনসি-লাভালিনের আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল, একই বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ ও এসএনসি-লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস।
বিশ্বব্যাংকের নেতৃত্বে ২ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার ৫০৭ কোটি টাকা) ব্যয়ে পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। বিশ্বব্যাংক এ প্রকল্পে ১২০ কোটি মার্কিন ডলারের ঋণ-সহায়তা অনুমোদন করেছিল।
তবে পরবর্তী সময়ে দুর্নীতির অভিযোগ এনে এ প্রকল্প থেকে বিশ্বব্যাংক সরে দাঁড়ালে সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেয়।







