শিশু রাজন হত্যাকাণ্ড
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে দুই আসামি দুলাল ও নুর মিয়া
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৫, ১১:০৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
শিশু সামিউল আলম রাজন হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে মামলার অন্যতম দুই আসামি দুলাল ও নির্যাতনের ভিডিওচিত্র ধারণকারী নুর মিয়া।
আজ ২১ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মহানগর মুখ্য হাকিম তৃতীয় আমলি আদালতে তাদের জবানবন্দি রেকর্ড শুরু হয়। আদালতের বিচারক আনোয়ারুল হক তাদের জবানবন্দি রেকর্ড করছেন। এর আগে বেলা আড়াইটার তাদের দু’জনকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সুরঞ্জিত তালুকদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
গত ১৫ জুলাই শহরতলীর কুমারগাঁও শেখ পাড়া এলাকা থেকে দুলাল আহমেদ ও পাশ্ববর্তী জাঙ্গাইল এলাকা থেকে ভিডিওচিত্র ধারণকারী নুর মিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেন জনতা।
৮ জুলাই সকালে চোর সন্দেহে পৈশাচিক নির্যাতন করে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে হত্যা করা হয়। নিহত রাজন কুমারগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী ভাইয়ারপাড় গ্রামের মাইক্রোবাস চালক শেখ আজিজুর রহমানের ছেলে।
শিশু রাজনকে পেটানোর ভিডিও ফুটেজ ধারণ করে নির্যাতনকারীরাই ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিও দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি করে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ওঠে প্রতিবাদের ঝড়।







