বিজয় দিবসে মৌলভীবাজারে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৪, ৫:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::
যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতি সৌধে সোমবার সকালে সূর্যদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। শহীদ বেদীতে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা পুলিশ, বিভিন্ন সংস্থা, সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন পুষ্পাঞ্জলি অর্পন করেছেন।
শহীদদের উদ্দেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বেগম শামীমা খন্দকার, জেলা সিভিল সার্জন, মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল, পৌরসভা, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মৌলভীবাজার প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় নাগরিক কমিটি, শরীরচর্চা সোসাইটি, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন, মৌলভীবাজার আইনজীবি সমিতি, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা সমবায় অফিস, জেলা যুব উন্নয়ন, ইসলামী ফাউন্ডেশন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষক কেন্দ্র, ইম্পিরিয়েল কলেজ, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল, হোয়াইট পার্ল শিক্ষা পরিবার, মৌলভীবাজার বিআরটিএ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান এবং সরকারি ও আধাসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এ সময় সর্বস্তরের মানুষের ঢল নামে স্মৃতি সৌধ প্রঙ্গণে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বর্ণাঢ্য বিজয় র্যালি, আলোচনা সভা, ২৪ আহতদের উপহার প্রদান এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন। মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা, দোয়া, র্যালি ও মোটরসাইকেল শোডাউনের আয়োজন করেন। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন।






