পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে তিনটি নাত
প্রকাশিত হয়েছে : ৬ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ

রফীকুল ইসলাম মুবীন
নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মনের বাগানে আজ ফুটে না ফুল
হাসে না গোলাপ, চাঁপা, সুরভি বকুল
তব ছোঁয়া নেই বলে প্রিয় রাসুল
দেখা দাও মদীনার বুলবুল।।
চলে যায় দিন মাস চলে যায় বছর
তোমায় পাবার আশে কাটে যে প্রহর
দেখতে সে চাঁদ মুখ
এ হৃদয় উন্মুখ
দিদারেতে এই প্রাণ করো গো অতুল।।
হারিয়েছি সুহৃদ ও কত প্রিয়জন
আমিও তো সে পথের পথিক একজন
তোমাকে না পাই যদি
কেঁদে হবে চোখ নদী
দয়া করে এ আশিক করো গো কবুল।।
অচেনা অজানা কত পথচলা
এসব জানি মোর নিয়তির খেলা
তোমারই প্রেম ছাড়া সব ভন্ডুল।।
সালাহ্ উদ্দিন ইবনে শিহাব
তুমি শাহিদ তুমি কাসিম
তুমি বসন্ত তুমি বাগান আর তুমি পৃথিবীর সেরা ফুল
তুমি নাজাত আর তুমি আখেরাত শাফায়াতের তুমি মূল।।
তোমার নামে দিলাম ছেড়ে আমার তরী ইয়া রাসুল।।
তুমি শাহিদ তুমি কাসিম তুমি মালিক কাওছারের
তুমি ছায়া তৃষ্ণা দিলের ভয়াল মাঠে হাশরের।।
অতল সাগর শক্ত পাথর তোমায় ডেকে হয় ব্যাকুল।।
তুমি কিবলা কাবার কাবা আয়না তুমি মুমিনের
তুমি নাবী কুল্লে আলম জীন-পরী আর ইনসানের।।
রাজাধিরাজ ডাকলে তোমায় আরশে বাজে নামের দোল।।
খোদার ইচ্ছা বলেন কেচ্ছা তোমার জবান যায় খোলে
জিবরাঈলের মনোআশা ডানার ভাষায় সুর তোলে।।
তোমার মাঝে খোদার প্রকাশ তার নামেরি বাজলো ঢোল।।
হাসান মাহমুদ
রাসুলপ্রেম
তোমার কথা মনে হলে হে রাসুল
আমার তনুমনে দেয় প্রেমের দোল।
তোমার জীবনী জেনে, সত্য চলেছি মেনে
তুমি মরুর প্রস্ফুটিত ফুল।
আমার তনুমনে দেয় প্রেমের দোল।
তুমি আলোর রবি, তুমি প্রাণের নবি
তোমার প্রেমে ধরণী আকুল।
আমার তনুমনে দেয় প্রেমের দোল।
তুমি হেরা হতে, কোরআনের নুর ছড়াতে
তোমার প্রেমে দিল মশগুল।
আমার তনুমনে দেয় প্রেমের দোল।






