জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত
পূর্বদিক ডেস্ক: পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ জামাতে অংশ নিয়ে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন।
এর আগে সকাল ৭টা ১৯ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সকাল ৭টা ২৭ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় ঈদগাহ ময়দানে পৌঁছান।
প্রধান জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ, জাতীয় মসজিদ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি যানবাহন চলাচল ও পার্কিং ব্যবস্থায়ও বিশেষ বিধিনিষেধ আরোপ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঈদের জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পূর্বদিক/এসএ





