এআই ট্রাফিক নজরদারি ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, এক মাসের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ২ জুন ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ

সংবাদ সম্মেলনে আনিছুর রহমান।
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ট্রাফিক নজরদারি ব্যবস্থা ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বরপ্লেটের অংশ বিশেষ সাদা স্কচটেপ দিয়ে ঢেকে রাজধানীর বিভিন্ন সড়কে চলাচল করেছিলেন এক ব্যক্তি। পরে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আদালতে হাজির করার পর তাকে এক মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আনিছুর রহমান।
তিনি জানান, গত ১৯ মে এক মোটরসাইকেলচালক নম্বরপ্লেটের তিনটি ডিজিট সাদা স্কচটেপ দিয়ে আড়াল করে রাজধানীর বিভিন্ন সড়কে চলাচল করেন। পরবর্তীতে ওই মোটরসাইকেলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ২১ মে বিষয়টি ডিএমপির নজরে আসে।
আনিছুর রহমান বলেন, ঘটনাটি সামনে আসার পর পুলিশ প্রশাসনের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। কারণ এ ধরনের প্রতারণামূলক কৌশল ছড়িয়ে পড়লে অন্যরাও তা অনুসরণ করতে উৎসাহিত হতে পারে। এ কারণে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়।
তিনি আরও জানান, প্রকাশিত ছবিতে মোটরসাইকেলচালকের মুখ স্পষ্টভাবে দেখা না যাওয়ায় তাকে শনাক্ত করা সহজ ছিল না। পরে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সহায়তায় রাজধানীর বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলের ধরন ও নম্বরপ্লেটের তথ্য যাচাই করে অনুসন্ধান চালানো হয়।তদন্তের এক পর্যায়ে গত সোমবার ওই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম লাবলু হক। তিনি রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা।
ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, পুলিশের উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া নয়; বরং জনগণকে সচেতন করা এবং স্বতঃস্ফূর্তভাবে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা। তবে কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
পূর্বদিক/এসএ





