শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে চোরাবালির ফাঁদে প্রাণ গেল স্কুলছাত্র রুদ্রর
প্রকাশিত হয়েছে : ৩ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ

নিহত রুদ্র তাঁতী
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কেজুরীছড়া চা বাগানে ছড়ায় গোসল করতে নেমে চোরাবালির ফাঁদে পড়ে রুদ্র তাঁতী (১৩) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর প্রায় ১টার দিকে বন্ধুদের সঙ্গে ছড়ায় গোসল করতে নেমে নিখোঁজ হয় রুদ্র। পরে দীর্ঘ অনুসন্ধানের পর স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সম্মিলিত প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুদ্র তাঁতী কেজুরী ছড়া চা বাগানের বাসিন্দা কমল তাঁতীর ছেলে। তার বাবা পেশায় একজন ট্রাক্টরচালক। রুদ্র শ্রীমঙ্গল রানার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
রুদ্রর বাবা কমল তাঁতী জানান, কীভাবে এমন ঘটনা ঘটেছে তা তিনি বুঝতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, গোসলের সময় রুদ্র চোরাবালিতে আটকে গিয়ে আর উপরে উঠতে পারেনি।
প্রত্যক্ষদর্শী সঞ্জয় বোনার্জী জানান, রুদ্র তার কয়েকজন বন্ধুর সঙ্গে ছড়ায় গোসল করতে নেমেছিল। একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায়। তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে চা বাগানের শ্রমিক, স্বজন ও এলাকাবাসী পানিতে নেমে ব্যাপক অনুসন্ধান চালান। দীর্ঘ সময় পর ছড়ার পানির নিচ থেকে রুদ্রর নিথর দেহ উদ্ধার করা হয়।
এ মর্মান্তিক ঘটনায় পরিবার, সহপাঠী এবং পুরো কেজুরীছড়া চা বাগান এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। রুদ্রর অকাল মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও শোক ও বেদনার আবহ বিরাজ করছে।
পূর্বদিক/এসএ






