হবিগঞ্জে র্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র্যাব-৯-এর অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৯ জানায়, সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে র্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে। খবর ছিল, সিলেট থেকে পরিবহনে করে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকায় বিক্রির উদ্দেশ্যে আসছে।
চেকপোস্ট পরিচালনার সময় একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হলে দুই ব্যক্তি কৌশলে বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা তাদের আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তাদের ব্যবহৃত ধূসর ও বেগুনি রঙের দুটি ব্যাগ তল্লাশি করে নীল পলিথিন ও খয়েরি স্কচ টেপে মোড়ানো দুটি পোটলা থেকে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খৈগাঁও গ্রামের মো. রায়হান উদ্দিন (২৫), পিতা: মো. গিয়াস উদ্দিন এবং খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরোমনি দক্ষিণপাড়া এলাকার মো. রায়হান উদ্দিন খান মিঠু (৩৬), পিতা: দুলাল খান।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা সিলেট সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেপ্তার দুই আসামি ও জব্দকৃত আলামত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পূর্বদিক/এসএ






