ফায়ার সার্ভিস ব্যর্থ, ২৪ ঘণ্টা পর মিলল কৃষকের মরদেহ
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
পূর্বদিক ডেস্ক: রাজশাহীর বাগমারা উপজেলার শালিকার বিলে পানিতে পাট জাগ দিতে নেমে নিখোঁজ হওয়া কৃষক আতাউর রহমান সরদার (৪৫)-এর মরদেহ প্রায় ২৪ ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। সোমবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়েও তাঁর সন্ধান পায়নি। পরে সন্ধ্যার কিছু আগে স্থানীয়রা বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।
নিহত আতাউর রহমান সরদার উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভাগনদী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল ৪টার দিকে পাট জাগ দেওয়ার জন্য বাড়ির পাশের শালিকার বিলে পানিতে নামেন আতাউর রহমান। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় পানিতে নেমেও তাঁর কোনো সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
সোমবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে দিনভর উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে সঠিক অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য না থাকায় তারা নিখোঁজ কৃষকের সন্ধান পায়নি। পরে সন্ধ্যার আগে স্থানীয়দের একজন বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।
বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান বলেন, “আমাদের ডুবুরি দল সকাল থেকেই উদ্ধারকাজ চালিয়েছে। কিন্তু সুনির্দিষ্ট তথ্যের অভাবে মরদেহটি খুঁজে পাওয়া সম্ভব হয়নি। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।”
যোগীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) শাহিনুর রহমান বলেন, “রোববার বিকেল ৪টার পর থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। সোমবার সন্ধ্যার আগে শালিকার বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”
পূর্বদিক/এসএ






