হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ, অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধেও অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত
হবিগঞ্জ প্রতিনিধি: জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করে হবিগঞ্জ জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জের কামাইছড়া পুলিশ ক্যাম্পে জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে এনসিপির নেতারা এ অভিযোগ দাখিল করেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রেস সেক্রেটারি নুর হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, এনসিপির পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগে প্রধান অভিযুক্ত হিসেবে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতির নাম উল্লেখ করা হয়েছে।
হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিবিসি বাংলাকে বলেন, “এনসিপির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সেটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ জমা দিয়ে এনসিপির নেতারা মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন।”
এনসিপির নেতাদের পথে পথে পুলিশি বাধার বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, “এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং ১৪৪ ধারা জারি থাকায় তাদের নিরাপত্তার স্বার্থেই কয়েকটি স্থানে পুলিশ বাধা দিয়েছে।”
এর আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জে যাওয়ার পথে অন্তত তিনটি স্থানে এনসিপির গাড়িবহরে বাধা দেয় পুলিশ। এসব বাধা অতিক্রম করে হবিগঞ্জের দিকে অগ্রসর হলে মিরপুর এলাকায় পৌঁছে আবারও পুলিশ তাদের গাড়িবহর আটকে দেয়। পরে সেখানে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির শীর্ষ নেতারা সড়কে অবস্থান নেন।
পরবর্তীতে রাতে কামাইছড়া পুলিশ ক্যাম্পে গিয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির জ্যেষ্ঠ নেতারা পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দেন।
পূর্বদিক/এসএ






