হবিগঞ্জে র্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার ৬ নম্বর শাহজাহানপুর ইউনিয়নের পুরাতন সিলেট-ঢাকা মহাসড়ক সংলগ্ন ব্যারিস্টার সুমন যাত্রীছাউনির সামনে অভিযান পরিচালনা করে।
এর আগে র্যাব জানতে পারে, ওই এলাকায় কয়েকজন মাদক কারবারি গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে র্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি চারটি প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদে তাদের কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করলে তল্লাশি চালিয়ে নীল রঙের পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো ৯টি পোটলা থেকে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লস্করপুর চা বাগান এলাকার মৃত গুরুদেব কালিন্দির ছেলে দেবুল কালিন্দি (২৬) এবং দূর্জয় তাতীর ছেলে টিটু তাতী (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
র্যাব জানায়, গ্রেপ্তার দুই আসামি এবং উদ্ধার করা গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
পূর্বদিক/এসএ






