ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ

কোলাজ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছেন বলে জানা গেছে। যদিও প্রস্তাবটির পূর্ণাঙ্গ তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবুও মার্কিন ও ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যমে এর গুরুত্বপূর্ণ কিছু শর্ত প্রকাশিত হয়েছে।
অন্যদিকে, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর সঙ্গে যুদ্ধ বন্ধে পাঁচটি শর্ত দিয়েছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই শান্তি পরিকল্পনার মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণরূপে নির্মূল করা এবং মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব কমিয়ে আনা।
শান্তি প্রস্তাবে ইরানের প্রতি প্রধান শর্তসমূহ
১. ইরানের নাতাঞ্জ, ইসফাহান ও ফোরদো পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে বন্ধ ও ধ্বংস করতে হবে।
২. ইরানের সব ধরনের পারমাণবিক কার্যক্রমে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) পূর্ণ তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
৩. মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করতে হবে; অর্থ ও অস্ত্র সহায়তা প্রদান থেকেও বিরত থাকতে হবে।
৪. বর্তমানে ইরানের বিদ্যমান সব পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে।
৫. কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা করবে না, এমন লিখিত অঙ্গীকার দিতে হবে।
৬. ইরানের ভূখণ্ডে কোনো পারমাণবিক উপাদান সমৃদ্ধ করা যাবে না; বিদ্যমান সমৃদ্ধ উপাদান IAEA-এর কাছে হস্তান্তর করতে হবে।
৭. কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সব সময় উন্মুক্ত রাখতে হবে এবং এটিকে একটি ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করতে হবে।
৮. ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও পাল্লা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে, যা শুধুমাত্র আত্মরক্ষার কাজে ব্যবহারযোগ্য হবে।
শর্ত মানলে ইরান যে সুবিধা পেতে পারে
১. বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বুশেহরে একটি বেসামরিক পারমাণবিক প্রকল্প গড়ে তুলতে যুক্তরাষ্ট্র কারিগরি ও অন্যান্য সহায়তা দেবে।
২. ইরানের ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
৩. ভবিষ্যতে নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না, এমন নিশ্চয়তা দেওয়া হবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা চলাকালে এক মাসের একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। তবে এখনো হোয়াইট হাউস কিংবা ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নিরসনে ইরান পাঁচটি শর্ত দিয়েছে বলে হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এসব দাবি উত্থাপন করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের প্রধান শর্তগুলো হলো-
১. ভবিষ্যতে আর কোনো যুদ্ধ শুরু হবে না, এমন নিশ্চয়তা প্রদান করতে হবে।
২. হরমুজ প্রণালিতে এমন একটি নতুন কাঠামো গড়ে তুলতে হবে, যাতে কার্যত ওই অঞ্চলে ইরানের নিয়ন্ত্রণ বজায় থাকে।
৩. মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো বন্ধ করতে হবে।
৪. যুদ্ধের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
৫. ইরানের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা চালায়, এমন সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অথবা তাদের হস্তান্তর করতে হবে।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে ইরান বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তথ্যসূত্র: বিবিসি, মিডল ইস্ট মনিটর, মিডল ইস্ট আই
পূর্বদিক/এসএ





