শ্রীমঙ্গলে যৌথবাহিনীর অভিযানে অবৈধভাবে মজুদ ৮,৫০০ লিটার ভোজ্য তেল জব্দ
প্রকাশিত হয়েছে : ৯ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে ভোজ্য তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে বড় অঙ্কের জরিমানা করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) শহরের সেন্ট্রাল রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোডে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি দোকানে প্রায় সাড়ে আট হাজার (৮,৫০০) লিটার ভোজ্য তেল অবৈধভাবে মজুদের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন। এ সময় র্যাব-৯ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ দল সহযোগিতা প্রদান করে।
ভোজ্য তেল মজুদের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে এসব পণ্য মজুদ করা হয়েছিল।
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অসাধু ব্যবসায়ীদের প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা বাজার অস্থিতিশীল করতে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বদিক/এসএ





