শ্রীমঙ্গলে ২২৫ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার, মোট আটক ৮
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের পৃথক অভিযানে ২২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে পৃথক অভিযানে এক চোর ও এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সবমিলিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, রেঞ্জ ডিআইজি, সিলেট এবং পুলিশ সুপার, মৌলভীবাজার জেলার নির্দেশনায় শ্রীমঙ্গল থানা পুলিশ নিয়মিতভাবে মাদক উদ্ধার, চুরি ও ছিনতাই প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২১ মে) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে উপ-পরিদর্শক (এসআই) মো. ইমানুর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৪নং সিন্দুরখান ইউনিয়নের দক্ষিণ টুক এলাকার মনসুর আহমেদের বাড়িতে অভিযান চালায়।
অভিযানে ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মনসুর আহমেদ (৪০), ইসলাম মিয়া (৩৫), তমার দাস (৪০), ইয়াকুব আলী (৩৫), আশরাফুল হোসেন (৩২) ও মনির হোসেন (৫০)। তারা সবাই শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পরে তাদের হেফাজত থেকে ২২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬৭ হাজার ৫০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও নগদ টাকা যথাযথ জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, থানার পৃথক অভিযানে চুরি মামলার আসামি ইমন হোসেন (২৫) এবং ছিনতাইকারী মামুন মিয়া (৩৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামিকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
পূর্বদিক/এসএ






