দেশে বিশেষ অভিযানে উদ্ধার ৩৬ লাখের বেশি ইয়াবা, জব্দ বিপুল পরিমাণ মাদকদ্রব্য
প্রকাশিত হয়েছে : ৭ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ

ছবি: বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজ থেকে নেওয়া।
নিজস্ব প্রতিবেদক: গত ০১ মে থেকে শুরু হওয়া সারাদেশব্যাপী চলমান বিশেষ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি কার্যক্রমে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
রোববার রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৩৬ লাখ ৫৪ হাজার ৩৮৩ পিস ইয়াবা, ৪ হাজার ৭২৬ দশমিক ২১ গ্রাম হেরোইন, ১ হাজার ৮৬০ বোতল ফেন্সিডিল, ৩ হাজার ৭৪৮ বোতল বিদেশি মদ, ১২ হাজার ৯৩৯ দশমিক ৫২ লিটার দেশীয় মদ এবং ৫ হাজার ৮২০ দশমিক ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে দেশব্যাপী এ বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের আওতায় মাদক কারবারি, চোরাকারবারি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জননিরাপত্তা নিশ্চিত ও মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
পূর্বদিক/এসএ





