বালুখেকোদের বিরুদ্ধে কঠোর অবস্থান, শ্রীমঙ্গলে জব্দ ১০ ট্রাক সিলিকা বালু
প্রকাশিত হয়েছে : ৪ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুটিয়াছড়া এলাকায় হেকিম মিয়ার মালিকানাধীন জমির পাশের একটি লেবুবাগানে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদিনের উপস্থিতিতে প্রায় ১০ ট্রাক সিলিকা বালু জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পাকা সড়কের মুখে স্টিলের গেট স্থাপন করে বিশেষ ব্যবস্থায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির কার্যক্রম পরিচালিত হচ্ছিল। অভিযোগ রয়েছে, এর আগেও একই স্থানে প্রশাসন অভিযান পরিচালনা করলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, “বালু নিয়ে অনিয়মের ক্ষেত্রে এই উপজেলায় কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। গত তিন দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, পরিবেশ, কৃষিজমি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।
পূর্বদিক/এসএ





