মৌলভীবাজারে সরকারি চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, পানিতে নষ্ট বহু চালের বস্তা
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত
রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে সরকারি চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পানিতে পড়ে যাওয়ার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার মহলাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সরকারি খাদ্যশস্যের একটি চালান নিয়ে ট্রাকটি কুলাউড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ভোররাতে রাজনগর উপজেলার মহলাল এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে সরাসরি ব্রিজের নিচে পানিতে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে বিকট শব্দ শুনে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ব্রিজের নিচে ট্রাকটি উল্টে পড়ে থাকতে দেখে প্রথমে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করা হলেও চালক ও হেলপার অলৌকিকভাবে সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন।
তবে দুর্ঘটনায় ট্রাকে থাকা সরকারি চালের উল্লেখযোগ্য অংশ পানিতে পড়ে যায়। অনেক বস্তা দীর্ঘ সময় পানিতে নিমজ্জিত থাকায় সেগুলোর ভেতরের চাল নষ্ট হয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে সকালে স্থানীয় প্রশাসন, পুলিশ ও খাদ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পানিতে পড়ে যাওয়া চালের বস্তাগুলো উদ্ধারের কাজ শুরু হয়।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ঠিক কত পরিমাণ চাল ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিরূপণের কাজ চলছে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাকটি ব্রিজের নিচ থেকে উদ্ধার করতে রেকার আনার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
পূর্বদিক/এসএ





