কুলাউড়া সীমান্তে ৩,৩৮৪ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ, আটক ১
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে এক চোরাকারবারিকে আটকসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)।
বুধবার রাতে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কুলাউড়া উপজেলার মুড়াইছড়া ও দত্তগ্রাম সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিজিবির টহল দল এ সাফল্য অর্জন করে। অভিযানে একজন চোরাকারবারিকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩ হাজার ৩৮৪ প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) জানায়, তাদের অধীনস্থ সীমান্তবর্তী বিওপিগুলো থেকে মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা তথ্যভিত্তিক নজরদারি, পুশ-ইন প্রতিরোধ এবং চোরাচালানবিরোধী অভিযান জোরদারভাবে পরিচালনা করা হচ্ছে।
বিজিবি আরও জানায়, প্রায় ১১৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকার নিরাপত্তার দায়িত্ব পালন করছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন। মাদক, অবৈধ পণ্য এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে তারা।
সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় বিজিবির চলমান চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)।
পূর্বদিক/এসএ





