সুনামগঞ্জে র্যাবের অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে যে, বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মৌয়াকুড়া এলাকার একটি বিদ্যালয়ের সামনে কাঁচা সড়কে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার কাছে ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করেন। পরে তার হেফাজতে থাকা একটি কালো রঙের বায়ুরোধক প্যাকেট তল্লাশি করে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, মো. কাজল ইসলাম (৩২)। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মৌয়াকুড়া এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মো. ফখর উদ্দিন।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বদিক/এসএ






