সবার সহযোগিতায় বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত দিনমজুর যতীন্দ্র সরকার
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সন্ধানী আবাসিক এলাকার বাসিন্দা, ক্যান্সারে আক্রান্ত দিনমজুর যতীন্দ্র সরকার জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন।
দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন তিনি। অসুস্থতার কারণে আর আগের মতো কাজ করতে পারছেন না। ফলে চিকিৎসার ব্যয় বহন করা তাঁর পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। সীমিত সামর্থ্যের কারণে চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন তিনি। তাই মানবিক সহায়তাই এখন তাঁর শেষ ভরসা।
এমন পরিস্থিতিতে ক্যান্সার আক্রান্ত যতীন্দ্র সরকারের পাশে দাঁড়িয়েছে অঙ্গীকার সাহিত্য ও সামাজিক পরিষদ, শ্রীমঙ্গল। শনিবার বিকেলে তাঁর বাড়িতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন সংগঠনের সভাপতি খালেদ মুশারফ, সাধারণ সম্পাদক ছায়ফুর রহমান, কোষাধ্যক্ষ শেখর বৈদ্য কানন, উপদেষ্টা এম. এ. রহিম নোমানি এবং সাংবাদিক সঞ্জয় কুমার দে। এছাড়া বিদেশ থেকে সহযোগিতা পাঠিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ সরোয়ার জাহান জুয়েল ও সাবেক সভাপতি নৃপেশ ঘোষ।
সংগঠনের নেতৃবৃন্দ সমাজের বিত্তবান, প্রবাসী ও মানবিক মানুষদের যতীন্দ্র সরকারের চিকিৎসার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
যারা আর্থিক সহায়তা করতে চান, তারা বিকাশ (পার্সোনাল) নম্বর: ০১৭৪৩৪২৪০৭৪-এ অনুদান পাঠাতে পারবেন।
মানবিক মানুষের সামান্য সহযোগিতাই হতে পারে ক্যান্সারের সঙ্গে লড়াই করা অসহায় দিনমজুর যতীন্দ্র সরকারের নতুন করে বেঁচে থাকার আশার আলো।
পূর্বদিক/এসএ






