কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ

নিহত তানহা মনি
চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে তানহা মনি (১১) নামে এক মাদ্রাসাছাত্রী নি’হ’ত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা-করাইয়াঘোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নি’হ’ত তানহা মনি চকরিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষক মাওলানা জাফর আলমের মেয়ে এবং চকরিয়া বালিকা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
স্থানীয় বাসিন্দা ও চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী জানান, সকালে মগবাজার মাদ্রাসা থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিল তানহা মনি। পথে কাহারিয়াঘোনা-করাইয়াঘোনা সড়কে ইজিবাইকটি উল্টে গেলে সে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, দুর্ঘটনার পর সিমেন্টবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ইজিবাইক ও ট্রাকের চালক দুজনই পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে। তানহা মনির মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পূর্বদিক/এসএ





