তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী ওরফে হাজী মুজিব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লক্ষ ৭০ হাজার ৮৭৭। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদি পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট। প্রথমবারের মতো হাজী মুজিবের বিজয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে তার সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
এ আসনের অন্যান্য প্রার্থীরা যথাক্রমে পেয়েছেন ফুটবল প্রতীকের বিএনপির বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী মো. মহসিন মিয়া ওরফে মধু ৩৪ হাজার ১৪৭ ভোট, এনসিপির প্রীতম দাশ শাপলা কলি প্রতীকে ৪ হাজার ৫৬৩ ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের আবুল হাসানের মই প্রতীকে প্রাপ্ত ভোট ৯৮১ ও জাতীয় পার্টির মো. জরিফ হোসেন লাঙল প্রতীকে ৯২৪ ভোট।
উল্লেখ্য, মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনটি আওয়ামী লীগের শক্ত আসন হিসাবে বারবার প্রমানীত। এখান থেকে আওয়ামী লীগের প্রার্থী সাবেক কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহিদ পরপর ৭ নির্বাচিত হোন। শেষবার ২০২৪ সালে দ্বাদশ নির্বাচনে তিনি এখান থেকে সংসদ সদস্য হয়ে আওয়ামী মন্ত্রী সভার কৃষি মন্ত্রী ছিলেন।





