শ্রীমঙ্গলে চার ছিনতাইকারীসহ ৫ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৬ এপ্রিল ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজন চিহ্নিত ছিনতাইকারীসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (রাত ১১টা ৫০ মিনিটে) শহরের চৌমুহনা এলাকার এপেক্স শোরুমের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সাব-ইন্সপেক্টর সুজন কান্দি পালের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে খালেদ মিয়া (২৮), কাওছার মিয়া (২৮) ও সিয়াম মিয়া (২০)-কে হাতেনাতে আটক করা হয়।
এ সময় তাদের দেহ তল্লাশি করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গিয়ার চাকু, রামদা ও ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে রেলস্টেশন ও চৌমুহনা এলাকায় ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত।
এদিকে, একই রাতে পৃথক অভিযানে পৌরসভার শাপলাবাগ এলাকা থেকে শামীম মিয়া (২০) নামের আরেক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এছাড়া একটি মারামারি মামলার এক আসামিকেও আটক করা হয়েছে।
সবমিলিয়ে গ্রেফতার পাঁচজন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পূর্বদিক/এসএ





