সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে
প্রকাশিত হয়েছে : ৭ এপ্রিল ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ণ

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
পূর্বদিক ডেস্ক: জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) গভীর রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, শিরীন শারমিন চৌধুরী বর্তমানে ডিবির হেফাজতে রয়েছেন। তবে তাকে কোন মামলায় বা কী অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, যখন আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর স্পিকার পদ শূন্য হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর, শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি স্পিকার পদ থেকে পদত্যাগ করেন।
এদিকে, জুলাইয়ের গণঅভ্যুত্থানে সহিংসতার ঘটনায় রংপুরে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। ২০২৪ সালের ২৭ আগস্ট দায়ের করা ওই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ মোট ১৭ জনকে আসামি করা হয়। মামলাটি করেন নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার। এ ঘটনায় ইতোমধ্যে টিপু মুনশি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
পূর্বদিক/এসএ





