কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়া বনে গাছ উপড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
প্রকাশিত হয়েছে : ২ মে ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার ‘গাড়িভাঙা’ অংশে কালবৈশাখী ঝড়ে একাধিক গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে সড়কের দুই পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শনিবার দুপুরে হঠাৎ আঘাত হানা প্রবল ঝড়ের সময় বড় বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে যায়। এতে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কটি পুরোপুরি অচল হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের তীব্রতায় মুহূর্তের মধ্যেই একাধিক গাছ ভেঙে পড়ে, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ, বন বিভাগ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণের কাজ শুরু করেন। তবে বনাঞ্চলের ভেতরে অবস্থান এবং গাছের আকার বড় হওয়ায় উদ্ধার কাজ কিছুটা ধীরগতিতে এগোচ্ছে বলে জানা গেছে।
শ্রীমঙ্গল রেঞ্জের বন কর্মকর্তা কাজী নামজুল হক সড়ক বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, আকস্মিক ঝড়ো বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় গাছ পড়ে যায়। এতে দুই পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে। গাছ অপসারণের কাজ চলমান রয়েছে, কাজ শেষ হলেই যান চলাচল স্বাভাবিক হবে।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, দ্রুত সময়ের মধ্যে সড়ক থেকে গাছ সরিয়ে যোগাযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
পূর্বদিক/এসএ






