শ্রীমঙ্গলে লোকালয় থেকে নির্বিষ সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ৫ মে ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আবাসিক এলাকা থেকে বাফ স্ট্রাইপড কিলব্যাক প্রজাতির একটি সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সোমবার (৪ মে) বিকেলে শহরতলীর সন্ধানী আবাসিক এলাকার একটি বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।
জানা গেছে, এলাকার বাসিন্দা সাবেক চেয়ারম্যান সোনা মিয়ার বাড়িতে প্রথমে সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। সাপটি দেখে আতঙ্কিত হয়ে তারা দ্রুত বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। পরে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল পরিবেশকর্মী রাজদীপ দেব দীপকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারকৃত সাপটির ইংরেজি নাম বাফ স্ট্রাইপড কিলব্যাক (Amphiesma stolatum), যা দেশে ‘হেলে সাপ’ বা ‘ধানের সাপ’ নামে পরিচিত।
স্বপন দেব সজল জানান, ‘সাপটি দেখতে ভয়ংকর মনে হলেও এটি সম্পূর্ণ নির্বিষ এবং মানুষের জন্য ক্ষতিকর নয়। পরবর্তীতে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।’
এ বিষয়ে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বর্তমান রেঞ্জ কর্মকর্তা হলেন মো. কাজী নাজমুল হক বলেন, ‘উদ্ধারকৃত সাপটি প্রাকৃতিক পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। এ ধরনের নির্বিষ সাপ লোকালয়ে দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া উচিত। উদ্ধারকৃত সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে।
পরিবেশ বিশেষজ্ঞরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অযথা ভয় বা ক্ষতি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।
পূর্বদিক/এসএ






