জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে সন্ত্রা’সী’দের হা’ম’লা, যৌথবাহিনীর অভিযান চলছে
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ

ছবি: সংগৃহীত
পূর্বদিক ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলার পর সেখানে যৌথবাহিনীর ব্যাপক অভিযান চলছে।
র্যাব সূত্র জানায়, সোমবার রাত ১টার দিকে সন্ত্রাসী ‘ইয়াসিন বাহিনী’র সদস্যরা ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভোর থেকে র্যাবের পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান শুরু করে। অভিযানে পুরো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকা বিভিন্ন ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। এর আগে গত ১৯ জানুয়ারি এলাকায় অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাবের ডিএডি আবদুল মোতালেব।
পরে গত ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর প্রায় ৩ হাজার ২০০ সদস্য যৌথ অভিযান পরিচালনা করে এলাকাটির নিয়ন্ত্রণ নেয়। এরপর সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।
সর্বশেষ হামলার ঘটনায় এলাকায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে যৌথবাহিনীর পক্ষ থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকার কথা জানানো হয়েছে।
পূর্বদিক/এসএ






