জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ শ্রীগোবিন্দপুর চা বাগান
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: আগামী শনিবার (২০ জুন) পালিত হবে জাতীয় চা দিবস। দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে চা শিল্পের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দিতে প্রতি বছরের মতো এবারও শ্রীমঙ্গলে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হবে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে শুক্রবার সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও জাতীয় চা পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ চা বোর্ডের ‘জাতীয় চা পুরস্কার নীতিমালা-২০২২’ অনুযায়ী একরপ্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান ক্যাটাগরিতে এ বছর জাতীয় চা পুরস্কার-২০২৬ অর্জনের জন্য নির্বাচিত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শ্রীগোবিন্দপুর চা বাগান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। এছাড়া বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মেসবাহ উদ্দিন আহমেদ এবং স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী শ্রীগোবিন্দপুর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি মো. মহসিন মিয়া মধু-এর হাতে জাতীয় চা পুরস্কার-২০২৬ তুলে দেবেন।
মর্যাদাপূর্ণ এ পুরস্কার অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে মো. মহসিন মিয়া মধু বলেন, শ্রীগোবিন্দপুর চা বাগান দেশের চা শিল্পের বিকাশ ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চা শ্রমিকদের আবাসন, চিকিৎসা, শিক্ষা ও জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া বাগানে উৎপাদিত উন্নতমানের চা দেশের বিভিন্ন অঞ্চলে সমাদৃত।
তিনি বলেন, প্রতিবছর উন্নতমানের চা উৎপাদনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখার পরও দীর্ঘ ১৭ বছর প্রতিষ্ঠানটি যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত ছিল। অবশেষে জাতীয় চা পুরস্কার-২০২৬ অর্জনের মাধ্যমে সেই অবদানের স্বীকৃতি মিলেছে। এ জন্য তিনি বাংলাদেশ চা বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পূর্বদিক/এসএ






