শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ইসলামপাড়া এলাকায় জব্দকৃত অবৈধভাবে উত্তোলিত বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকনের নেতৃত্বে অনুষ্ঠিত নিলামে প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উন্মুক্ত এ নিলামে মোট ১৬ জন ব্যক্তি অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে জব্দকৃত বালু সর্বোচ্চ ৩ লাখ ১৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি করা হয়। নিলাম থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা হবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
নিলাম সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জব্দ করা বালু নির্ধারিত সরকারি বিধি-বিধান অনুসরণ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। নিলাম প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিযোগিতামূলক দর আহ্বান করা হয়।
নিলামের শর্ত অনুযায়ী, ক্রয়কৃত বালু শুধুমাত্র দিনের আলোতে পরিবহন করা যাবে। পাশাপাশি পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা এবং প্রচলিত আইন-কানুন কঠোরভাবে অনুসরণ করতে হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ভবিষ্যতেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বদিক/এসএ





