শ্রীমঙ্গল পৌরসভায় ৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল, কেন্দ্র পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ৯টি ওয়ার্ডে ৬-১১ মাস এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম দিনব্যাপী সবকটি কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পৌরবাসীর প্রতি বিকেল ৪টার মধ্যে নির্ধারিত বয়সের শিশুদের নিকটস্থ কেন্দ্রে এনে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
তিনি জানান, পৌরসভার ৯টি কেন্দ্রের মাধ্যমে প্রায় ৪ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া শ্রীমঙ্গলে বেড়াতে আসা বিভিন্ন এলাকার পর্যটকদের সন্তানদের অভিভাবকরাও তাদের শিশুদের এসব কেন্দ্রে এনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছেন।
জানা গেছে, ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
পৌর এলাকার কেন্দ্রগুলো হলো: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মরহুম ডা. আব্দুল বারীর বাসা, হেলাল সাহেবের বাসা, বংশী লাল বারই সাহেবের বাসা, শ্রীমঙ্গল স্বাস্থ্যসেবা ক্লিনিক (সূর্যের হাসি ক্লিনিক), শ্রীমঙ্গল পৌরসভা কার্যালয়, মীর এম. এ. সালাম সাহেবের বাসা, হাজী লুলু সাহেবের বাসা এবং জনতা ফার্মেসি।
পৌরসভা কর্তৃপক্ষ নির্ধারিত বয়সী সব শিশুর অভিভাবকদের সময়মতো নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।
পূর্বদিক/এসএ





