প্লাস্টিক দূষণ রোধে শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের নিয়ে ইকো ক্রাফটের সচেতনতামূলক সেশন
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে প্লাস্টিক দূষণ পরিবেশের জন্য অন্যতম বড় হুমকি হয়ে উঠেছে। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৪০০ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হয়, যা পৃথিবীর সব মানুষের মোট ওজনের চেয়েও বেশি।
উৎপাদিত এই প্লাস্টিকের মাত্র ৯ শতাংশ পুনর্ব্যবহার (রিসাইকেল) করা সম্ভব হয়েছে। বাকি বিপুল পরিমাণ প্লাস্টিক শত শত বছর ধরে মাটি, নদী ও সমুদ্রে জমে থেকে পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করছে।
এ প্রেক্ষাপটে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে ‘ইকো ক্রাফট শ্রীমঙ্গল’-এর উদ্যোগে রোববার শ্রীমঙ্গলের বিষামনি উচ্চ বিদ্যালয়ে একটি বিশেষ সচেতনতামূলক সেশনের আয়োজন করা হয়।
সেশনে বিদ্যালয়ের নবম শ্রেণির ৪২ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এতে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব, প্লাস্টিকের দীর্ঘস্থায়ী পরিবেশগত প্রভাব এবং প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ সংরক্ষণে করণীয় বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি পরিবেশবান্ধব জীবনযাপন এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনের গুরুত্বও তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা ও বাস্তবায়নে ‘ইকো ক্রাফট শ্রীমঙ্গল’-এর সদস্য এ কিউ এম নাঈম আর রহমান, ফাতেমা বেগম, মোছা. তিন্নি আক্তার, মো. রেজাউল করিম, মো. মিহাদ হাসান, কংকা পাল এবং মো. শাহেদ আহমেদ রানা সক্রিয় ভূমিকা পালন করেন।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে আরও সচেতন হবে এবং প্লাস্টিক দূষণ রোধে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখবে।
পূর্বদিক/এসএ





