কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ৬ নারী ও প্রায় আড়াই বছর বয়সী এক শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন জানান, ভোরে দেবলছড়া সীমান্তের বকশিটিলা এলাকা দিয়ে এক শিশুসহ সাতজন নারী বেরিয়ে আসেন। স্থানীয়রা তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তারা জানান, ভারতের একটি কারাগারে প্রায় ২৫ দিন আটক থাকার পর ভোরে চোখ বেঁধে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়।
স্থানীয়রা বলেন, “আমি নিজেই তাদের আটক করি। পরে বিষয়টি ইউপি সদস্য এবং কমলগঞ্জ থানাকে জানাই। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাদের একটি সিএনজি অটোরিকশায় তুলে দেওয়া হয়।”
আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বলেন, “বিষয়টি আমি জানার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দেয়। খোঁজ নিয়ে জেনেছি, পুশইনের শিকার নারীরা বাংলাদেশি নাগরিক এবং তাদের বাড়ি ঢাকার সাভার এলাকায়।”
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, “ভোরে আলীনগর ইউনিয়নের চিৎলীয়া বকশিটিলা সীমান্ত এলাকা দিয়ে প্রায় আড়াই বছরের এক শিশুসহ সাতজন নারী বাংলাদেশে প্রবেশ করেছেন বলে খবর পাই। ইউপি সদস্য আবুল হোসেনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশ খোঁজ নেয়। তবে স্থানীয়রা তাদের ছেড়ে দেওয়ায় পরে আর তাদের সন্ধান পাওয়া যায়নি।”
এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, “পুশইনের খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবির একটি দল পাঠানো হয়। পরে জানা যায়, স্থানীয়রা তাদের আটক রাখার পর ছেড়ে দিয়েছে। এ ধরনের ঘটনায় স্থানীয়দের উচিত ছিল তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করা অথবা তাদের বিজিবির কাছে হস্তান্তর করা। পুশইনের বিষয়ে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পুশইনের শিকার ব্যক্তিদের সন্ধানে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পূর্বদিক/এসএ





