অসুস্থ দুই মন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন নাসের রহমান
প্রকাশিত হয়েছে : 24 October 2026, 11:29 pm

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান
নিজস্ব প্রতিবেদক: অসুস্থ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে হাসপাতালে দেখতে গেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম নাসের রহমান।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আবদুল মঈন খানকে দেখতে যান নাসের রহমান। এ সময় তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। পরে হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে অবহিত হন তিনি।
একই দিন রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকেও দেখতে যান নাসের রহমান। এ সময় তিনি মন্ত্রীর শয্যাপাশে কিছু সময় কাটান, তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। তিনি ভূমিমন্ত্রীর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।
জানা গেছে, শ্বাসকষ্ট ও হৃদ্রোগজনিত জটিলতা নিয়ে গত বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
অন্যদিকে, রক্তশূন্যতাজনিত সমস্যায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।





