যশোরে ২ লাখ ৭৬ হাজার টাকাসহ তিন প্রতারক আটক
প্রকাশিত হয়েছে : 16 October 2026, 5:31 pm

যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে শার্শা থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালাকান্দা গ্রামের আয়ুব আলীর ছেলে হাবিবুর রহমান (৫৫), একই উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের মৃত আমিন উদ্দিন তরফদারের ছেলে বকুল হোসেন (৫৫) এবং যশোরের শার্শা উপজেলার রামপুর গোলদারপাড়া গ্রামের মৃত ছাফেদ আলী মণ্ডলের ছেলে রেজাউল হোসেন (৬০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে শার্শার বাগুড়ী গ্রামের মাস্টারপাড়ায় আক্কাস আলী মাস্টারের ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িটির নিচতলার একটি কক্ষ থেকে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়।





