অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৬, ৯:১২ পূর্বাহ্ণ

ছবি: পূর্বদিক
মৌলভীবাজার প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে মৌলভীবাজারে দুইটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ মে) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মৌলভীবাজার সদর থানার চৌমুহনা বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি আভিযানিক দল।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় “মামার বাড়ী রেস্টুরেন্ট”-এর মালিক মহিবুর রহমানকে ৩০ হাজার টাকা এবং “রাজমহল কনফেকশনারী”-এর মালিক মো. তানিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাব-৯ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বদিক/এসএ






