শ্রীমঙ্গলে দোকানে ঢোকা দাড়াশ সাপ উদ্ধার, প্রাণে বাঁচল ‘কৃষকের বন্ধু’
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজারে একটি দোকানে ঢুকে পড়া একটি দাঁড়াশ সাপকে জীবিত উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের সচেতনতার কারণে সাপটি প্রাণে রক্ষা পায়।
শুক্রবার বিকেল প্রায় ৫টার দিকে সিন্দুরখান বাজারে জসীম মিয়ার দোকানের ভেতরে একটি সাপ ঢুকে পড়ে। হঠাৎ সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে তিনি দোকান বন্ধ করে দেন। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। এ সময় কয়েকজন সাপটিকে মারারও প্রস্তুতি নেন।
এ সময় উপস্থিত সংবাদকর্মী আল আমিন সবাইকে সাপটি না মারার অনুরোধ জানান এবং বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটি শনাক্ত করেন। তারা জানান, এটি একটি দাঁড়াশ সাপ, যা সম্পূর্ণ নির্বিষ এবং মানুষের জন্য কোনো ক্ষতির কারণ নয়। বরং ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণী খেয়ে কৃষকের ফসল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণেই দাড়াশ সাপকে ‘কৃষকের বন্ধু’ বলা হয়।
পরে সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে দাঁড়াশ সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
পূর্বদিক/এসএ





