মুজাহিদ বুলবুল || রাসুলে আরাবি
প্রকাশিত হয়েছে : ৬ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৯ অপরাহ্ণ

সৃষ্টি হয়নি বেহেশত্ দোজখ, আরশ কুরসি লওহ কলম
আকাশ-যমীন, চন্দ্র-সূর্য কিংবা পিতা হযরত আদম;
সৃষ্টিকুলের আরম্ভ যে তোমার নূরের ঝলকানিতে
অনাগত সব আয়োজন অপেক্ষমান পরশ নিতে।
সবার আগেই সৃষ্ট তুমি শুভাগমন সবার পরে
শ্রেষ্ঠ তুমি তোমার নামেই কুল কায়েনাত দুরুদ পড়ে।
আসমানী সব কিতাব তোমার আগমনের খুশবু ছড়ায়
দিশেহারা মানব জাতির মুক্তি নিয়ে আসবে ধরায়।
বর্ণনা তার স্পষ্ট ছিলো তাওরাতে আর ইঞ্জিলেতে
তোমার নামের দোহাই দিতো আহলে কিতাব বিজয় পেতে।
কাক্সিক্ষত সেই মিলন যখন আচ্ছাদিত আদম হাওয়ায়
তোমার নামে দুরুদ পড়ে হলো তখন মোহর আদায়;
কবুল হলো তওবা তাঁদের তোমার নামের বদৌলতে
যে নাম আদম দেখেছিলেন আলো ছড়ায় আরশ হতে।
নূহের তরী ভিড়লো তিরে তোমার নূরের তজল্লিতে
ইবরাহিমের রক্ষা পাওয়া, ফুল ফোটানো সে অগ্নিতে!
সূর্য তুমি আম্বিয়াকুল চতুর্দিকে তারার মত
তোমার নামেই সৃষ্টি তামাম হয় তাজিমে অবনত।
যতই বলি কম হয়ে যায় যে উপমাই কুঁড়িয়ে আনি
ব্যর্থ সকল কবির কলম শেষ ফলাফল ছটফটানি।
চোখের জলে দুরুদ সালাম মগ্ন বিভোর নিত্য আশায়
আমার ক্ষুদ্র জীবন তোমার পাক কদমে কুরবানি চায়।






