সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
সাভার প্রতিনিধি: সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের পাঁচ সদস্য এবং তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ধারালো অস্ত্র, ৫০ পিস ইয়াবা ও ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে বুধবার (২৬ আগস্ট) রাত থেকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর পর্যন্ত সাভার মডেল থানাধীন পাকিজা জামে মসজিদের সামনের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সাভারের মজিদপুর এলাকার সুজন হোসেন (৩০), কাতলাপুর এলাকার নির্মল ওরফে পিচ্চি নির্মল (২৬), রাজবাড়ীর সজিব (৩৬), সাভারের বনপুকুর এলাকার রনি (৩৫) এবং গাইবান্ধার ফুলছড়ির খায়রুল হক (২২)। খায়রুল বর্তমানে আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাস করেন।
তাদের কাছ থেকে একটি ধারালো স্টিলের চাপাতি, একটি লোহার ছোরা, একটি স্টিলের সুইচ গিয়ার, একটি স্টিলের খুর ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
ডিবি জানায়, গ্রেপ্তারকৃত সুজন হোসেনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির চারটি, দস্যুতার দুটি, অন্যান্য একটি এবং মাদকসংক্রান্ত তিনটিসহ মোট ১০টি মামলা রয়েছে। নির্মল ওরফে পিচ্চি নির্মলের বিরুদ্ধে চুরি ও মাদকসংক্রান্ত চারটি মামলা, সজিবের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং রনির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।
এদিকে, বুধবার রাতে আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোমিনুর (৩৪) ও মো. আশিকুর রহমান আশিক (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর ওজন ২৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ১০ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
একই রাতে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে শ্রাবনী আক্তার আলিফা (২২) নামে আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন পাঁচ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। শ্রাবনী আক্তারের বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে। ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পূর্বদিক/এসএ





