নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : 12 October 2026, 4:20 pm

ছবি: পূর্বদিক
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত অবস্থায় রেডিওলজি ও ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. রথীন্দ্রনাথ মণ্ডলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন চিকিৎসক, মেডিক্যাল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানানো হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের চৌরঙ্গী মোড়ে নীলফামারী মেডিক্যাল কলেজ ও নীলফামারী জেনারেল হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন। নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. দেবব্রত হালদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আব্দুল মতিন।
এ সময় বক্তব্য দেন নীলফামারী মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. সোহরাব হোসেন, শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা কমিটির আহ্বায়ক সোহেলুর রহমান সোহেল, ইন্টার্ন চিকিৎসক ডা. সজল কুমার ঘোষ এবং শিক্ষার্থী প্রতিনিধি নেওয়াজ মাহমুদ ইমন।
মানববন্ধনে বক্তারা জানান, রোববার দুপুরে হাসপাতালে দায়িত্ব পালনকালে আলট্রাসনোগ্রাম রিপোর্ট নেওয়াকে কেন্দ্র করে ডা. রথীন্দ্রনাথ মণ্ডল হামলার শিকার হন। এ ঘটনায় বেসরকারি অ্যাম্বুলেন্সচালক নাঈম ইসলামের বিরুদ্ধে তাঁকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠে। চিকিৎসকের চিৎকার শুনে অন্যরা ঘটনাস্থলে এসে নাঈমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জিম্মা হোসেন বলেন, ‘ডা. রথীন্দ্রনাথ অত্যন্ত নম্র ও ভদ্র মানুষ। হাসপাতালে দায়িত্ব পালনরত অবস্থায় তাঁর ওপর হামলা করা হয়েছে। আমাদের নিজেদের কর্মস্থলেও যদি নিরাপত্তা না থাকে, তাহলে আমরা কীভাবে মানুষের সেবা করব? আমরা মানুষের সেবা করার ব্রত নিয়ে কাজ করি। এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
সহকারী অধ্যাপক ডা. আব্দুল মতিন বলেন, ‘চিকিৎসা দিতে গিয়ে, মানুষের সেবা করতে গিয়ে আমরা বারবার নির্যাতনের শিকার হচ্ছি। চিকিৎসাসেবার সুষ্ঠু পরিবেশ ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় আমাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে মনে করি।’
মানববন্ধন থেকে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা, জনবলসংকট দূর করা এবং দ্রুত চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানানো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, হাসপাতালের ঘটনায় জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল্লাহ হেল মাফি বাদী হয়ে মামলা করেছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাঈম ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বদিক/এসএ





