কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান
প্রকাশিত হয়েছে : 10 October 2026, 11:32 pm

ছবি: পূর্বদিক
খুলনা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে মহানগরীর ৭৭টি পূজামণ্ডপে অনুদান প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এবারের পূজা উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। দেশের সব স্তরের মানুষ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করছেন, যা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বসভায় সুপ্রতিষ্ঠিত করেছে। এ দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করছেন। তিনি আশা করেন, এবারও দেশের সর্বত্র শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপিত হবে।
তিনি আরও বলেন, সন্ত্রাস দমন ও মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ করে কেউ পার পাবেন না। সবাইকে সম্মিলিতভাবে একটি নিরাপদ নগরী গড়ে তোলার জন্য কাজ করতে হবে। মন্দির, মসজিদ, মাদ্রাসাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন করপোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেসিসির সচিব মো. রেজা রশিদ, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ইঞ্জিনিয়ার সত্যেন্দ্রনাথ দত্ত, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু এবং পূজা ফ্রন্টের সহসভাপতি উজ্জ্বল কুমার সাহা। এ সময় কেসিসির বিভিন্ন ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও মন্দির কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কেসিসি প্রশাসক মহানগরীর ৩১টি ওয়ার্ডের ৭৭টি পূজামণ্ডপের প্রতিটিতে ১০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করেন। মন্দির কমিটির প্রতিনিধিরা এ অনুদান গ্রহণ করেন।
পূর্বদিক/এসএ





