মহারাসলীলা উপলক্ষে কমলগঞ্জে জামায়াতের বৃহষ্পতিবারের হরতাল প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : 5 November 2014, 12:12 pm
পূর্বদিক ডেস্ক ::
মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব ‘মহারাসলীলা’ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বৃহষ্পতিবারের হরতাল প্রত্যাহার করেছে জামায়াত।
এদিন সারাদেশে কেন্দ্রীয় জামায়াতের হরতালের ঘোষণা থাকলেও ‘মহারাসলীলা’ উৎসব পরিচালনা কমিটির অনুরোধে কমলগঞ্জে বুধবার তা প্রত্যাহার করে জেলা জামায়াত।
জেলা জামায়াতের প্রচার সম্পাদক ইয়ামীর আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দলের নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী হরতাল প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরও জানান, জেলার বিভিন্ন স্থান থেকে যেসব গাড়ি কমলগঞ্জে রাসোৎসবে যাতায়াত করবে সেসব গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।
কমলগঞ্জ উপজেলার মাধবপুর (শিববাজার) মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদ মুরারী সিংহ স্বপন জানান, মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা উৎসব উপলক্ষে জামায়াত ইসলামীর কাছে আমরা সারা মৌলভীবাজার জেলায় বৃহষ্পতিবারের হরতাল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলাম।







