হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) এর ওরস আগামীকাল
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ::
হযরত শাহ জালাল মুজাররাদে ইয়ামনি (রহ.) এর সফরসঙ্গী হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) এর ৬৮৫তম ওরস আগামীকাল ১৫ জানুয়ারি শুরু হচ্ছে।
আজ ১৪ জানুয়ারি বুধবার বাদ আসর মিলাদ শরীফের মাধ্যমে ওরসের প্রারম্ভিক কার্যক্রম শুরু হয়। পরে ওরসের শিরনীর জন্য গরু জবাই করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি সকাল সাড়ে ৯টায় মাজারে গিলাফ চড়ানো হবে।বাদ জোহর মিলাদ মাহফিল এবং বাদ এশা আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে দুই দিনব্যাপী চলা ওরসের কার্যক্রম সমাপ্ত হবে।
উল্লেখ্য, হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) এর আগমনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এ অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসার ঘটে। তাঁর কারামতের মধ্য উল্লেখযোগ্য কারামত ছিল তিনি সাপকে চাবুক বানিয়ে বাঘের পিঠে সাওয়ার হতেন। এজন্য তাঁর উপাধি ছিল শের সাওয়ার চাবুকমার।
ওরস উদ্যাপন কমিটির সদস্য সচিব জাকির হোসেন উজ্জ্বল জানান, ওরস সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রতিবছরই এই ওরসকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের সমাগম হয়। এ অঞ্চলের মানুষের কাছে এটা উৎসবের মতো। স্থানীয়ভাবে এটা ‘শাহ মোস্তফার মেলা’ নামেও পরিচিত। ওরসকে কেন্দ্র নানা ধরনের পণ্যের দোকান, খেলনা ও মিষ্টান্ন খইয়ের ভাসমান দোকান বসে। যা স্থানীয়দের বাড়তি আনন্দ দেয়।






