শ্রীমঙ্গলে ভোজ্য তেল নিয়ে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পুরান বাজার এলাকায় ভোজ্য তেল বিক্রিতে নানা অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিকাল আনুমানিক ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত র্যাব-৯, বাংলাদেশ সেনাবাহিনী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রি, বোতলজাত সয়াবিন তেলে ওজনে কম দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নাহিদ এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা, মেসার্স এসপি ওয়েল মিলসকে ২০ হাজার টাকা এবং মেসার্স গিয়াস ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
এদিকে র্যাব-৯ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনস্বার্থে তাদের গোয়েন্দা তৎপরতা ও ভ্রাম্যমাণ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বদিক/এসএ





