মৌলভীবাজারে নার্সদের ওপর হামলা, আহত ২
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ

ছবি: পূর্বদিক
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে সরকারি নির্ধারিত ফি আদায়কে কেন্দ্র করে কর্তব্যরত নার্সদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নার্স আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনদের কাছে সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধের অনুরোধ করেন কর্তব্যরত নার্সরা। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত স্বজনরা নার্সদের ওপর চড়াও হয়ে শারীরিক হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আরও দুজন আহত হন।
ঘটনার পরপরই হাসপাতালের অন্যান্য কর্মী ও নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তারা জানান, সরকারি বিধি অনুযায়ী নিয়মিত দায়িত্ব পালন করতে গিয়ে স্বাস্থ্যকর্মীদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস বলেন, ‘পেয়িং বেডের নির্ধারিত ফি চাওয়াকে কেন্দ্র করে দুইজন নার্সের ওপর হামলার ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং আরেকজন চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পূর্বদিক/এসএস






