শ্রীমঙ্গলে ৭ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী জুয়েলের
প্রকাশিত হয়েছে : 5 September 2026, 8:40 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাত মাস ধরে নিখোঁজ বাক ও শ্রবণপ্রতিবন্ধী ভাইয়ের সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে একটি পরিবার। আত্মীয়স্বজন, পরিচিতজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন।
নিখোঁজ জুয়েল মিয়া (২৭) উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের দরুদ মিয়ার ছেলে। গত ১৪ ফেব্রুয়ারি স্থানীয় কাকিয়াবাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, জুয়েল মিয়ার উচ্চতা প্রায় পাঁচ ফুট। তিনি বাক ও শ্রবণপ্রতিবন্ধী এবং কানে কম শোনেন। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের পাশাপাশি বিভিন্ন এলাকায় খোঁজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তার ছবি দিয়ে সন্ধান চাওয়া হচ্ছে। তবে দীর্ঘ সাত মাসেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
জুয়েলের ভাই সুহেল মিয়া বলেন, “বাক ও শ্রবণপ্রতিবন্ধী ছোট ভাইটি হারিয়ে যাওয়ার পর থেকে আমাদের খাওয়া-নাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। সাত মাস ধরে বিভিন্ন জায়গায় তাকে খুঁজে বেড়াচ্ছি। তার ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। কিন্তু এখন পর্যন্ত কেউ আমার হারিয়ে যাওয়া আদরের ভাইয়ের কোনো সন্ধান দিতে পারেনি।”
তিনি আরও বলেন, পরিবারের একমাত্র চাওয়া, যেভাবেই হোক জুয়েলকে খুঁজে পাওয়া। কেউ তার সন্ধান পেয়ে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ জুয়েলের সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
পূর্বদিক/এসএ





